বিদেশে পাচার হওয়া ২০ বিলিয়ন ডলার ফেরত আনতে লাগবে ৩-৫ বছর: গভর্নর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশ থেকে পাচার হওয়া আনুমানিক ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ২০ হাজার কোটি টাকা) ফেরত আনতে অন্তত ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিএফআইইউ-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, অর্থ উদ্ধারের প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং বাংলাদেশ এর আগে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। বিদেশে অবস্থিত সম্পদ জব্দের কাজ শুরু হয়েছে, তবে এখনও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পুরোপুরি প্রস্তুত নয়। ইতিমধ্যে যুক্তরাজ্যে কিছু সম্পদ জব্দ হয়েছে এবং ভবিষ্যতে আরও জব্দের পরিকল্পনা রয়েছে।

গভর্নর বলেন, “বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক মানে প্রমাণ তৈরি, বিদেশি আইনজীবী নিয়োগ, এবং বিভিন্ন বৈশ্বিক সংস্থার সহযোগিতা প্রয়োজন। এজন্য আইনি কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে এবং একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়েছে।”

তিনি আরও জানান, ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়াও চলছে এবং এতে আমানতকারীদের কোনো ঝুঁকি থাকবে না। এদিকে বিএফআইইউ ২০২৩-২৪ অর্থবছরে ১৭,৩৪৫টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে, যা আগের বছরের তুলনায় ২৩% বেশি।

অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান বলেন, পাচার রোধ ও উদ্ধার একটি চলমান প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হয়েছে।