বিনিময় হারে নমনীয়তা আনার পর আইএমএফ’র সঙ্গে চূড়ান্ত চুক্তি, জুনে আসছে ১৩০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের মতপার্থক্যের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অবশেষে বাংলাদেশের জন্য ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে সম্মত হয়েছে। আগামী জুন মাসে ঋণ প্যাকেজের আওতায় ১৩০ কোটি ডলার ছাড় করবে সংস্থাটি।

জানা গেছে, ওয়াশিংটনে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এই চুক্তি চূড়ান্ত হয়।

৪৭০ কোটি ডলারের ঋণ প্যাকেজের অংশ হিসেবে এই কিস্তি ছাড় করা হচ্ছে। এতদিন ঋণ ছাড়ে বিলম্বের মূল কারণ ছিল বিনিময় হার ও কর-জিডিপি প্রবৃদ্ধি নিয়ে মতানৈক্য। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করায় বিনিময় হার ব্যবস্থায় নমনীয়তা এসেছে, যা আইএমএফের শর্ত পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর আগে, গত ৬ থেকে ১৭ এপ্রিল ঢাকায় সফর করে আইএমএফের একটি প্রতিনিধি দল। তারা ইএফএফ (Extended Fund Facility), ইসিএফ (Extended Credit Facility) এবং আরএসএফ (Resilience and Sustainability Facility) এর আওতায় অর্থনৈতিক সংস্কার কর্মসূচির তৃতীয় ও চতুর্থ ধাপের অগ্রগতি পর্যালোচনা করে।

এই চুক্তি সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী বুধবার, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। গভর্নর ড. আহসান এইচ মনসুর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।