অনলাইন ডেস্ক:
পর্দার সামনে বিশাল সব আয়োজন, আকাশচুম্বী বাজেট আর রুদ্ধশ্বাস সব চমক ইউটিউবের দুনিয়ায় যার উপস্থিতি মানেই যেন বিশাল এক রাজকীয় কাণ্ড। তবে নিজের জীবনের সবচেয়ে বিশেষ দিনটিতে এই গ্ল্যামার ও আলোকের ঝকঝকানি থেকে বহুদূরে রইলেন বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার জিমির ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে ‘মিস্টার বিস্ট’ নামেই এক নামে পরিচিত। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা। গত মঙ্গলবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন মি. বিস্ট। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি এবং এটি ছিল আমার জীবনের সেরা দিন।’ পর্দায় লাখ লাখ ডলারের জমকালো প্রজেক্ট দেখালেও নিজের জীবনসঙ্গীকে আপন করে নেওয়ার আয়োজনে কোনো আড়ম্বর চাননি এই তারকা। দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠ কিছু প্রিয়জনের উপস্থিতিতে সম্পূর্ণ ব্যক্তিগত ও নিরিবিলি এক পরিবেশে সম্পন্ন হয় তাদের এই পরিণয়।











