অনলাইন ডেস্ক:
বেশ কয়েক বছরের বিরতির পর আবারও রায়হান রাফির সিনেমায় দেখা যাবে পূজা চেরীকে। ‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজের মাধ্যমে এই পরিচালকের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি। সিরিজটি আগামী ২ জানুয়ারি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। সম্প্রতি সিরিজটির টিজারও প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
‘ব্ল্যাক মানি’ সিরিজের গল্পে এক হাজার কোটি টাকার উত্থান-পতন নিয়ে গোলমাল সৃষ্টি হয় শহরজুড়ে। এই টাকার জন্য খুন হয়ে যান প্রভাবশালী মাফিয়া, রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ নানা খ্যাতনামা ব্যক্তি। রক্তে রঞ্জিত হয়ে ওঠে শহরের রাস্তাঘাট। সিরিজটিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে পূজা চেরী বলেন, “রায়হান রাফী ভাইয়ের পরিচালনাতেই নায়িকা হিসেবে আমার যাত্রা শুরু। তার সঙ্গে কাজের অনুভূতি সবসময়ই সেরা। অনেক বছর পর আবারও তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। কাজ করে মজা পেয়েছি। খুব ভালো টিম ছিল এবং গল্পটাও অসাধারণ ছিল। কাজের অভিজ্ঞতাও চমৎকার।”
সিরিজটিতে আরও অভিনয় করেছেন রুবেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।
বর্তমান সময়ে ঢালিউডের আলোচিত অভিনেত্রী পূজা চেরী। তিনি রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। এরপর সিয়াম আহমেদের সঙ্গে তার ‘দহন’ সিনেমা রিলিজ হয়, যা দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পরে সিয়ামের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করলেও রাফীর সিনেমায় আর নায়িকা হিসেবে কাজ করেননি। ছয় বছরের বিরতির পর অবশেষে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারও রাফীর পরিচালনায় ফিরলেন পূজা চেরী।
২০১২ সালে শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরী। ২০১৮ সাল থেকে বড় পর্দায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- নূর জাহান, পোড়ামন ২, দহন, প্রেম আমার ২, গলুই, লিপস্টিক, আগন্তুক ইত্যাদি। এখন তিনি বাছাই করা গল্পে অভিনয় করে ক্যারিয়ারের চূড়ান্ত উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন।











