নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে অগ্রিম ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার জোতবানি ও বিনাইল-এই দুই ইউনিয়নে পৃথক দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, ধর্মীয় রীতি মেনে স্থানীয় প্রায় দুই শতাধিক মুসল্লি এই আগাম ঈদের জামাতগুলোতে অংশ নেন। শান্তিপূর্ণভাবে নামাজ আদায় নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাতগুলো সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রতি বছরই এই দুই ইউনিয়নের নির্দিষ্ট কিছু পরিবারের সদস্যরা বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে একই দিনে ঈদ পালন করে আসছেন।











