বিশ্বকাপে শক্তিশালী তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপে জয় দিয়ে উড়ন্ত সূচনা করেছে অস্ট্রেলিয়া। তবে আজকের খেলায় একটু হতাশই হয়েছে শক্তিশালী তুরস্ক। বাংলাদেশ সময় রোববার সকালে ভ্যানকুভারে ‘ডি’ গ্রুপের ম্যাচে আর্দা গিলেরের দলকে ২-০ গোলে হারিয়েছে ক্যাঙ্গারুরা। ইরানকুন্ডা দলকে লিড এনে দেয়া পর ব্যবধান দ্বিগুণ করেন কনর ম্যাটক্যাফ।

 

ম্যাচের শুরুতে তুরস্ক ভালো খেলছিল। বল দখলে তারা এগিয়ে ছিল। ইন্টার মিলানের মিডফিল্ডার হাকান চালহানোগ্লু মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করছিলেন। তবে প্রথম ২২ মিনিট কোনো দলই গোল করতে পারেনি।

 

তারপর ম্যাচের চিত্র বদলে গেল। ২৮তম মিনিটে অস্ট্রেলিয়া প্রথম গোল পেল। নিজেদের অর্ধ থেকে একটি লং বল এল। সে বল বাঁ দিকে পেয়ে গেলেন নেস্টরি ইরানকুন্ডা। তিনি এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে ধোঁকা দিলেন। তারপর বল পাঠিয়ে দিলেন তুরস্কের জালে।

 

বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোল করে আলোচনায় উঠে আসেন এ তরুণ ফুটবলার। এরপর তুরস্ক সমতায় ফেরার চেষ্টা চালালেও প্রথমার্ধ শেষ হয় অস্ট্রেলিয়ার ১-০ ব্যবধানের লিড নিয়ে।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মূলত তুরস্কের কাছেই। তারা একের পর এক আক্রমণ চালিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে। পুরো ম্যাচে ৬২ শতাংশ বলের দখল ধরে রাখার পাশাপাশি ২৬টি শট নেয় তুর্কিরা। অন্যদিকে অস্ট্রেলিয়া মাত্র ৮টি শট নেয় এবং তার মধ্যে ৪টি অন-টার্গেট রাখতে সক্ষম হয়।

 

তবে পরিসংখ্যান নয়, পার্থক্য গড়ে দেয় গোল করার দক্ষতা। নিজেদের রক্ষণ শক্ত রেখে সুযোগের অপেক্ষায় থাকা অস্ট্রেলিয়া ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। তুরস্ক আক্রমণে বেশি খেলোয়াড় তুলে আনায় ফাঁকা জায়গা কাজে লাগিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল করেন কনর মেটকালফে। তার নিখুঁত ফিনিশিং অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়।

 

গোল হজমের পরও হাল ছাড়েনি তুরস্ক। শেষ দিকে আরদা গুলেরের নেওয়া দুর্দান্ত এক ফ্রি-কিক গোল হওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে অস্ট্রেলিয়ার গোলরক্ষক বলটি ঠেকিয়ে দেন। পরে ডিফেন্ডাররা দ্রুত বিপদমুক্ত করলে আর গোল পাওয়া হয়নি তুরস্কের।

 

শেষ পর্যন্ত রক্ষণে দৃঢ়তা ও পাল্টা আক্রমণে ভর করে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।