নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুইজন নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “হত্যাকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের আইনের আওতায় আনা হবে।”
বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও জানান, “আজকের মধ্যেই মামলা করা হবে এবং প্রকৃত দোষীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।”
বৈঠকে প্রথমে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের সঙ্গে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ব ইজতেমার তারিখ সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে আলোচনা চলছে এবং আমরা আশা করি তারা একটি সমাধানে পৌঁছাবে। আলোচনা শেষে আমরা একটি সিদ্ধান্ত দেব।”
এছাড়া, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।











