বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আজ ৩১ মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য— ‘তামাক নয়, খাদ্য ফলান’ (Grow Food, Not Tobacco)—এর মাধ্যমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প টেকসই খাদ্য ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতাধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর উদ্যোগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
তামাক চাষে খাদ্য ও জনস্বাস্থ্য হুমকিতে

বিশেষজ্ঞরা বলছেন, তামাক চাষ শুধু কৃষকের স্বাস্থ্যের জন্য নয়, মাটির স্বাস্থ্য, পরিবেশ, এবং সামগ্রিক জনস্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। এটি বৈশ্বিক খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপর্যয়েরও একটি কারণ।

বর্তমানে পৃথিবীর ৪ মিলিয়ন হেক্টর জমিতে তামাক চাষ হয়, যার মধ্যে বাংলাদেশ রয়েছে ১৩তম স্থানে। বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ খুবই সীমিত—মাত্র ৩.৭৬ কোটি একর, অথচ এর একটি বড় অংশে এখনো তামাক চাষ হয়, বিশেষ করে রবি মৌসুমে। বোরো, গম, আলুর মতো প্রধান খাদ্য ফসলের জমি হ্রাস পাচ্ছে।

প্রতিবছর বাংলাদেশে তামাকজনিত কারণে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়, যা দেশের মৃত্যুহারের অন্যতম প্রধান কারণ। তামাকজনিত অসুস্থতার চিকিৎসা ব্যয় ও কর্মক্ষমতা হ্রাসের আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা।

এসব কারণে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG 3.a) তে তামাক নিয়ন্ত্রণকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। এটি WHO-র নেতৃত্বাধীন আটটি বৈশ্বিক জনস্বাস্থ্য প্রচারণার একটি, যার মধ্যে রয়েছে—বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব টিকা সপ্তাহ, বিশ্ব এইডস দিবসসহ অন্যান্য।

তামাক সেবন প্রতিরোধে আজকের দিনটিকে কেন্দ্র করে ২৪ ঘণ্টা তামাক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। প্রতিবছর ৬০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে তামাকজনিত কারণে মারা যাচ্ছেন, যার মধ্যে ৬ লক্ষ অ-ধূমপায়ী পরোক্ষ ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।