জেলা প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া ডিজিটাল শিক্ষা উপকরণ কোনো কাজে আসছে না। প্রায় ১৫ হাজার কোমলমতি শিক্ষার্থী মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
সরকারের ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৩-৪)’ এর আওতায় এসব বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর, মডেম, ওয়াইফাই রাউটারসহ সরঞ্জাম বিতরণ করা হলেও বেশিরভাগ স্কুলেই এগুলো ব্যবহার হচ্ছে না। শিক্ষকদের অভিযোগ, চুরি হওয়ার ভয়ে তারা এসব উপকরণ বাড়িতে রেখেছেন। ফলে স্কুলে প্রযুক্তিনির্ভর পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ।
সরেজমিনে দেখা গেছে, অনেক বিদ্যালয়ে ল্যাপটপ থাকলেও প্রজেক্টর নেই, আবার কোথাও প্রজেক্টর থাকলেও ল্যাপটপ নেই। কোথাও আবার কিবোর্ড অকেজো, ব্যাটারিতে সমস্যা বা সাউন্ড কাজ করছে না।
উপজেলা শিক্ষা অফিসও সরঞ্জামের বর্তমান কার্যকারিতা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার জানান, ‘শিক্ষকদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। এখনো ১২-১৪টি বিদ্যালয় ডিজিটাল ক্লাসের আওতায় আসেনি।’
তিনি আরও বলেন, ‘সরকারি সরঞ্জাম বিদ্যালয়ে রাখাই বাধ্যতামূলক। কেউ বাড়িতে রাখলে তা খতিয়ে দেখা হবে।’











