অনলাইন ডেস্ক :
বলিউডে বর্তমানে সবচেয়ে আলোচিত গুঞ্জনগুলোর একটি হলো অভিনেত্রী কৃতি শ্যানন ও লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেম। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত কবীরের সাথে কৃতির রসায়ন নিয়ে বলিপাড়ায় কানাঘুষা চলছে বেশ কিছুদিন ধরেই। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও পার্টিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছিল— তবে কি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন এই নায়িকা?
সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রশ্নের মুখে পড়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কৃতি। বিয়ে নিয়ে বারংবার প্রশ্নের সম্মুখীন হয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “সবাই শুধু জানতে চায় আমি কবে বিয়ে করছি। কিন্তু জীবনে বিয়ের বাইরেও তো অনেক কিছু করার আছে।” কৃতি আরও জানান, বিয়ের জন্য তার কোনো তাড়াহুড়ো নেই এবং যখন সঠিক সময় আসবে তখনই তিনি সিদ্ধান্ত নেবেন। আপাতত ক্যারিয়ার এবং নিজের লক্ষ্য পূরণেই তার পূর্ণ মনোযোগ।
একই অনুষ্ঠানে বলিউডের বহুল আলোচিত ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ নিয়েও মুখ খুলেছেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে বাইরের মানুষ হিসেবে নিজের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, স্টার কিডদের কারণে কয়েকবার কাজ থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। তবে হতাশা নয়, বরং পরিশ্রম আর ধৈর্যের ওপরই আস্থা রাখছেন কৃতি। তার মতে, স্বজনপোষণ সবখানেই আছে, কিন্তু শেষ পর্যন্ত মেধা আর জেদই সাফল্যের পথ দেখায়।











