নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। এর ফলে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলমুখী উভয় লেনে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা দীর্ঘ সময় রাস্তায় আটকে পড়েছেন।
এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে নগরবাসীকে অবগত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
উল্লেখ্য, ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই বকেয়া বেতন ও ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অবশেষে তারা সড়ক অবরোধের পথ বেছে নেন।











