বেবী নাজনীন ও জয়া আহসান পাচ্ছেন সিজেএফবির বিশেষ সম্মাননা

অনলাইন ডেস্ক:

সংগীত ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য বেবী নাজনীন এবং জয়া আহসানকে বিশেষ সম্মাননা দিচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। সিজেএফবি’র সভাপতি এনাম সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আগামী শনিবার সন্ধ্যায় ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩-এর ২৩তম আসর, যেখানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এ বছর সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩ প্রদানের মাধ্যমে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে শিল্পীদের পারফরম্যান্সকে মূল্যায়ন করা হবে। অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া, আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান। বিশেষ সম্মাননা দেয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদকে।

বেবী নাজনীন সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, “যেকোনো শিল্পী জন্য সম্মাননা প্রাপ্তি গর্বের এবং আনন্দের। আমরা চাই শিল্পীদের সঠিকভাবে মূল্যায়ন করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়।” জয়া আহসান বলেন, “শিল্পের মূল্যায়ন শিল্পীকে অনুপ্রাণিত করে। আমি খুব খুশি এবং সিজেএফবিকে ধন্যবাদ জানাই।”

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের নিয়ে কাজ করছে এবং প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংস্কৃতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে।