বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, ২০২৪ হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর

অনলাইন ডেস্ক:

বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকায় ২০২৪ সাল ২০২৩ সালকেও ছাড়িয়ে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড হবে বলে পূর্বাভাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস)। তাদের প্রতিবেদন অনুযায়ী, এই বছর প্রথমবারের মতো বৈশ্বিক গড় তাপমাত্রা ১৮৫০-১৯০০ সালের মধ্যে প্রাক-শিল্প স্তরের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস (২.৭ ফারেনহাইট) বেশি হবে। এটি প্যারিস চুক্তির নির্ধারিত ঊর্ধ্বসীমা।

প্যারিস চুক্তির মূল লক্ষ্য ছিল বৈশ্বিক গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প স্তরের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা, এমনকি তা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। তবে, সি৩এস-এর উপ-পরিচালক সামান্থা বার্গেস জানিয়েছেন, “এটি প্যারিস চুক্তি লঙ্ঘনের ইঙ্গিত নয়, তবে এর মানে হলো, উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু পদক্ষেপ গ্রহণ আগের চেয়ে আরও বেশি জরুরি হয়ে পড়েছে।”

বৈশ্বিক তাপমাত্রার এই ঊর্ধ্বগতি ইতিমধ্যে বিশ্বব্যাপী চরম আবহাওয়ার ঘটনাগুলোর জন্ম দিয়েছে। ২০২৪ সালে নাইজেরিয়া ও ইউরোপে মারাত্মক বন্যা, দক্ষিণ আমেরিকায় বিধ্বংসী দাবানল, যুক্তরাষ্ট্রে প্রাথমিক তাপপ্রবাহ এবং বিপর্যয়কর হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দিয়েছে, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের প্রতিফলন।