বোন রীতের পোস্টের জেরে তোপের মুখে অনীত পাড্ডা

অনলাইন ডেস্ক :

গত বছরে ‘সাইয়ারা’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া অভিনেত্রী অনীত পাড্ডা এবার পড়লেন বড় ধরনের বিতর্কের মুখে। একজন মার্কিন রাজনৈতিক বিশ্লেষককে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা এবং তাঁর বোনের পুরনো কিছু মন্তব্যকে কেন্দ্র করে এই ঝড়ের সূত্রপাত। নেটদুনিয়ায় বিষয়টি নিয়ে এখন চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

ঘটনার শুরু হয় যখন নেটিজেনরা লক্ষ্য করেন, অনীত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হাসান পিকারকে অনুসরণ করছেন। অভিযোগ উঠেছে, হাসান পিকার ইতিপূর্বে ভারতকে নিয়ে নেতিবাচক ও বিতর্কিত মন্তব্য করেছিলেন। একজন উদীয়মান ভারতীয় তারকা হয়ে এমন একজনকে অনুসরণ করা কতটা দায়িত্বশীল— সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। যদিও বিতর্ক শুরু হওয়ার পর অনীত তাঁকে ‘আনফলো’ করেছেন, কিন্তু ততক্ষণে বিষয়টি দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

বিতর্কের আগুনে ঘি ঢেলেছে অনীতের বোন রীত পাড্ডার পুরনো কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট। ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং পরিচালক আদিত্য ধরের সিনেমা নিয়ে রীতের রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্তব্যগুলো নতুন করে সামনে আসায় বিপাকে পড়েছেন অনীত। বোন অনীত নিজে সরাসরি কোনো মন্তব্য না করলেও, নেটিজেনদের একাংশ পারিবারিক এই সংযোগ টেনে তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে রীত পাড্ডা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট করে দিলেও অনীতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।