অনলাইন ডেস্ক:
রাজধানীর হাজারীবাগে বেরিবাঁধে সজল রাজবংশী (৩৭) নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি স্বর্ণ এবং নগদ ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সেকশন বেরিবাঁধ রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, সজল রাজবংশী তার দোকান বন্ধ করে স্বর্ণ ও টাকা নিয়ে বাসায় ফিরছিলেন, তখন ৩-৪টি মোটরসাইকেলযোগে সশস্ত্র ডাকাতরা তাকে পথরোধ করে। তারা সজলকে গুলি করে এবং তার কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।
সজলের ছোট ভাই জয় রাজবংশী বলেন, “বড় ভাই কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্সের মালিক। দোকান বন্ধ করে ৫০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা নিয়ে তিনি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে বেরিবাঁধ সেকশন এলাকায় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে রাস্তা গতিরোধ করে এবং গুলি চালায়। তারপর তারা সজলের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়।”
গুরুতর আহত অবস্থায় সজলকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।











