বড় দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, সমঝোতার মাধ্যমে ঘটে যাওয়া বড় দুর্নীতির অনেক অভিযোগ দায়ের হয় না এবং এগুলোকে সাধারণত ধামাচাপা দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, ঠিকাদার, দপ্তর প্রধান কিংবা সাংবাদিকদের অনেক সময় এসব ব্যাপারে খবর না দেওয়ার কারণেই বড় দুর্নীতির অভিযোগ সামনে আসে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ছোট দুর্নীতির খবর দ্রুত পেয়ে যাই, কিন্তু বড় দুর্নীতি সম্পর্কে অভিযোগই হয় না। আমাদের আবেদন থাকবে, বড় দুর্নীতির নিউজ যেন বেশি করে সামনে আসে।”

দুদক চেয়ারম্যান আরও বলেন, “আমরা দুর্নীতির খবর ধামাচাপা না দিয়ে সেগুলো প্রকাশ করতে চাই। জেলা প্রশাসকরা আমাকে আশ্বস্ত করেছেন, তারা এ বিষয়ে কাজ করবেন।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান দুর্নীতি বন্ধ করার পাশাপাশি পুরোনো দুর্নীতির তদন্ত ও বিচার দ্রুত শেষ করা আমাদের লক্ষ্য।” তিনি জানান, দুদক প্রায় ৯০-৯৫% সময় পুরনো দুর্নীতির তদন্তে ব্যয় করে থাকে, তবে নতুন নির্দেশনা অনুযায়ী, ভবিষ্যতের দুর্নীতির প্রতিরোধের জন্য ৫০% সময় ব্যয় করা হবে।

ড. মোমেন সিপিআই (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর দুর্নীতি সূচক) রিপোর্টের বিষয়ে বলেন, “সিপিআই একটি কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি হয়, এবং ১৮০টি দেশ এটি গ্রহণ করে।” তিনি আরও বলেন, “দুদকের বিরোধী মত নেই, বরং বিরোধ দুর্নীতিবাজদের সাথে।”

এ সময় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সচিব খোরশেদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।