ভাঙচুর ও সহিংসতায় টিআইবি’র গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক :

গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা প্রতিরোধে সরকারের বিবৃতিনির্ভর নির্লিপ্ততায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এই উদ্বেগ জানায় এবং এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি দেশের গণতন্ত্র, সুশাসন এবং স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। সরকারকে বিবৃতির মাধ্যমে দায়িত্ব শেষ না করে কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘যতটা শঙ্কাজনক, সরকারের নির্লিপ্ততার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সক্রিয় ছিল না। পরবর্তীতে বিষয়টি ‘অনাকাঙ্ক্ষিত’ বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে।’’

টিআইবির নির্বাহী পরিচালক আরও উল্লেখ করেন, ‘‘কর্তৃত্ববাদী শাসনের দীর্ঘ সময়ের পুঞ্জীভূত ক্ষত সুরাহা করার জন্য সরকারের দৃশ্যমান পদক্ষেপ জরুরি।’’

টিআইবি পাশাপাশি আশা প্রকাশ করে, সরকারের পক্ষ থেকে গণতান্ত্রিক অধিকার সুরক্ষার মাধ্যমে সহনশীলতা নিশ্চিত করা হবে।