অনলাইন ডেস্ক:
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই মাত্র এক ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। একইভাবে, বাংলাদেশ-ভারতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর টিকিটও কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুবাই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার হলেও অনলাইনে টিকিট কেনার জন্য অন্তত দেড় লাখ ক্রিকেটপ্রেমী অপেক্ষা করছিলেন।
ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি দর্শকদের বিপুল আগ্রহের কারণে টিকিটের মূল্যও ছিল বেশ চড়া। সাধারণ আসনের টিকিটের দাম শুরু হয়েছিল ১২৫ দিরহাম (প্রায় ৪,২০০ টাকা) থেকে, তবে প্লাটিনাম লাউঞ্জের টিকিটের মূল্য ছিল প্রায় ৬৬ হাজার টাকা, আর গ্র্যান্ড লাউঞ্জের দাম গিয়ে ঠেকেছে ১ লাখ ৬৫ হাজার টাকায়। তবে এত চড়া দাম সত্ত্বেও টিকিট বিক্রি হয়ে গেছে চোখের পলকে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজিত হলেও ভারত তাদের কোনো ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলবে না। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে আইসিসি হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করছে। ভারতের সব ম্যাচ হবে দুবাইতে, আর পাকিস্তানসহ অন্যান্য দলগুলো তাদের ম্যাচ খেলবে পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে।
দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় ক্রিকেটপ্রেমীরা শুধুমাত্র আইসিসির টুর্নামেন্টগুলোতেই ভারত এবং পাকিস্তানকে একে অপরের বিপক্ষে দেখতে পান। ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি দর্শকদের আগ্রহের কারণ সহজেই অনুমেয়, কারণ দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ক্রীড়াগত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে, আর ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনায় বোঝা যায়, কতটা উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে। তবে শেষ হাসি কারা হাসবেÑরোহিত শর্মার ভারত, নাকি বাবর আজমের পাকিস্তান? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।











