জেলা প্রতিনিধি :
গোয়ালন্দে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি ভুয়া এনজিও খুলে মাত্র দুই দিনে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের মতে, ঋণের প্রলোভন দেখিয়ে এনজিওটির নামে একটি অফিস খুলে শহরের নিলু শেখের পাড়ার নাজমুল হাসানের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হচ্ছিল। এই ঋণ প্রদান প্রক্রিয়ার আওতায় ১৬ ও ১৭ মার্চ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়া হয়, পরে অফিস বন্ধ করে পালিয়ে যায় তারা।
বাড়ির মালিক নাজমুলের স্ত্রী প্রান্তি সুলাতানা বলেন, “তিন ব্যক্তি আমাদের বাড়ির নিচতলা ভাড়া নেন। চুক্তিপত্র চাইলেও তারা সময় চাইছিলেন, পরে ১৭ মার্চ সকালে আমরা জানতে পারি তারা পালিয়ে গেছেন।”
গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী ইমরান শেখ সুমন জানান, গত সপ্তাহে তিনি ঊষার আলো ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক রুবেল হাসানের সাথে পরিচিত হন এবং ১০ লাখ টাকা ঋণ গ্রহণের জন্য ১ লাখ টাকা সঞ্চয় দেন। তবে ১৬ মার্চ বিকালে টাকা জমা দেওয়ার পর তার সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকার কথা বলে ফোন কেটে দেন। পরদিন ১৭ মার্চ অফিসে গিয়ে সবার ফোন নম্বর বন্ধ পাওয়া যায় এবং অফিসও তালাবদ্ধ ছিল।
এছাড়াও, গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী সুজন মোল্লা, আমির হোসেন, আলম শেখ, আমজাদ হোসেন, সাইদুল ইসলামসহ অর্ধশতাধিক ব্যক্তি ঋণের জন্য সঞ্চয় দেন, কিন্তু ১৭ মার্চ ঋণের টাকা ফেরত পাওয়ার সময় তাদেরও একই পরিণতি হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “প্রতারকদের মোবাইল নম্বর সঠিক নয়, ঠিকানাও পাওয়া যাচ্ছে না। তবে প্রযুক্তিগত মাধ্যমে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং আশা করা যাচ্ছে শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।”











