নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে অংশ না নিয়েও ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৪ জনকে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি যাদের নামে দ্বৈত গেজেট হয়েছে এমন আরও ২৩ জনসহ মোট ১২৭ জনের গেজেট বাতিলের প্রক্রিয়া চলছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলা যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতেই এ তালিকা চূড়ান্ত করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বিভাগে ২০ জন ভুয়া ও ১ জনের নামে দুবার গেজেট হয়েছে। সিলেটে ভুয়া ২৬ জন ও ১ জনের নামে দ্বৈত গেজেট, চট্টগ্রামে ভুয়া ৩৪ জন ও ৪ জন দ্বৈত, খুলনায় ভুয়া ৫ জন ও ৪ জন দ্বৈত, রংপুরে ২ জন ভুয়া, ঢাকায় ৭ জন ভুয়া ও ৭ জন দ্বৈত গেজেট, রাজশাহীতে ৯ জন ভুয়া ও ৪ জন দ্বৈত, এবং বরিশাল বিভাগে ২ জনের নামে দুবার গেজেট পাওয়া গেছে।
ময়মনসিংহ ও ঢাকাসহ বিভিন্ন বিভাগের নাম অনুযায়ী ভুয়াদের পূর্ণাঙ্গ তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ের হাতে পৌঁছেছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “যাদের নামে অভিযোগ ছিল, যাচাই-বাছাইয়ে তা প্রমাণিত হয়েছে। তাদের গেজেট বাতিল করা হবে এবং পরবর্তী পর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
জুলাই গণঅভ্যুত্থানে অতি গুরুতর আহত ৬০২ জন, গুরুতর আহত ১,১১৮ জন ও আহত ১২,০৮০ জনসহ মোট ১৪,৬৩৬ জনকে গেজেটভুক্ত করা হয়েছিল। নিহত হন ৮৪৪ জন, যার মধ্যে আটজনের গেজেট ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
সম্পৃক্ত না থেকেও জুলাইযোদ্ধা পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর থেকেই মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) জানান, “যারা ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছেন, তাদের শুধু গেজেট বাতিল নয়, আইনি ব্যবস্থা নেওয়াও নিশ্চিত করা হবে।”










