ভূমিকম্পে দ্রুত সাড়া দিতে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ভূমিকম্পের মতো বড় দুর্যোগে জরুরি উদ্ধার কার্যক্রমের জন্য সারা দেশে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি করেছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী জানান, “ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে দ্রুত কাজ করার জন্য সরকার বিশাল এক স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে ইতোমধ্যে ১ লাখ ৪৫ হাজার জনের একটি খসড়া তালিকা চূড়ান্ত করা হয়েছে।” তিনি আরও বলেন, এই স্বেচ্ছাসেবকরা জরুরি উদ্ধার, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা শহরের দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা নিয়েও মন্ত্রী বলেন, “উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪৫টি স্থানকে আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত এসব কেন্দ্রে মানুষকে সরিয়ে নেওয়া হবে।” তিনি জানান, সরকারের উদ্যোগ শুধু উদ্ধারকাজেই সীমাবদ্ধ থাকবে না, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের সচেতনতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকম্প সচেতনতার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। “ছোটবেলা থেকেই নাগরিকদের দুর্যোগ সম্পর্কে সচেতন করতে এবং সঠিক পদক্ষেপ শেখাতে আমরা শিক্ষা কারিকুলামে ভূমিকম্প বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করছি,” বলেন আসাদুল হাবিব দুলু।

এ উদ্যোগের মাধ্যমে সরকারের লক্ষ্য, জরুরি সময়ের জন্য প্রস্তুত ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা এবং জনগণকে দুর্যোগ মোকাবিলায় সচেতন করা।