ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের সংঘর্ষে, বাস ও সিএনজিতে আগুন আহত ৩০

অনলাইন ডেস্ক:

ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভোলার বাস টার্মিনাল সড়কে সিএনজি রাখাকে কেন্দ্র করে বাস মালিক-শ্রমিকদের এবং সিএনজি শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার রাতে সিএনজি স্ট্যান্ড নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের শ্রমিকরা একে অপরকে ধাওয়া করে এবং বাস ও সিএনজিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরিস্থিতি আরও অবনতি এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, কোস্টগার্ড এবং র‌্যাব মোতায়েন করা হয়।

ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রিপন কুমার সাহা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছে। সংঘর্ষের পর থেকে ভোলা শহরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল বন্ধ রয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।