নিজস্ব প্রতিবেদক:
ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রবীণ অর্থনীতিবিদ ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ড. ইউনূস। পরে তিনি হাইকমিশনের খোলা শোক বইয়ে শোকবার্তা লেখেন।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৬ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস)-এ ভর্তি করা হয়। বয়সজনিত নানা শারীরিক জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হন, তবে হঠাৎ জ্ঞান হারিয়ে যাওয়ার পর গত ২৭ ডিসেম্বর তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর ভারত সরকার সাত দিনের শোক ঘোষণা করেছে।
এদিকে, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে অধ্যাপক ইউনূসকে অভ্যর্থনা জানান। পরে হাইকমিশনারের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় ড. ইউনূস প্রয়াত মনমোহন সিংয়ের সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতি ভাগ করে নেন। তিনি বলেন, “তিনি (মনমোহন সিং) ছিলেন এক সহজ-সরল মানুষ, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি।”
এ সময় ড. ইউনূস আরো বলেন, “ভারতকে একটি বিশ্ব অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে মনমোহন সিংয়ের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তা কখনো ভুলে যাওয়ার নয়।”











