মরক্কোর জলসীমায় নৌকাডুবিতে ৭০ জন অভিবাসী নিখোঁজ, অধিকাংশ মালির নাগরিক

অনলাইন ডেস্ক:

মরক্কোর জলসীমায় অভিবাসী বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে মালির ২৫ জন তরুণ রয়েছেন। গত বৃহস্পতিবার মালি সরকারের বরাতে এএফপি এই তথ্য জানিয়েছে।

মালি সরকারের এক বিবৃতিতে জানানো হয়, স্পেনের উদ্দেশে যাত্রা করা নৌকাটিতে প্রায় ৮০ জন অভিবাসী ছিলেন। দুর্ঘটনার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জন মালির নাগরিক। বেঁচে যাওয়া ব্যক্তিরা, দূতাবাস, এবং দুর্ঘটনার শিকার পরিবারের সদস্যদের সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতি বছর হাজার হাজার অভিবাসী ইউরোপে পাড়ি জমানোর আশায় আফ্রিকার উপকূল থেকে ছোট নৌকায় বিপজ্জনক আটলান্টিক রুটে যাত্রা করেন। তবে এ পথ খুবই বিপজ্জনক। দুর্বল নৌকাগুলো শক্তিশালী সমুদ্র স্রোত সামলাতে ব্যর্থ হয়, যার ফলে প্রায়ই প্রাণহানি ঘটে।

স্প্যানিশ অভিবাসনবিষয়ক এনজিও ক্যামিনান্দো ফ্রন্টেরাস জানায়, ২০২৪ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী। এ বছর ক্যানারি দ্বীপপুঞ্জের হয়ে স্পেনে যাওয়ার চেষ্টাকালে ১০,৪০০ জনেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন। গড়ে প্রতিদিন প্রায় ৩০ জন মারা গেছেন।

ক্যানারি দ্বীপপুঞ্জ উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। সবচেয়ে সংক্ষিপ্ত রুটটি দক্ষিণ মরক্কোর টারফায়া শহর থেকে শুরু হয়ে ক্যানারির ফুয়ের্তেভেনচুরা দ্বীপে শেষ হয়। তবে চোরাচালানকারীরা কখনও কখনও নিয়ন্ত্রণ এড়াতে দীর্ঘ ও বিপজ্জনক পথে যাত্রা করে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অন্তত ১৬,৪০০ অভিবাসী প্রাণ হারিয়েছেন। এ পরিসংখ্যানে ক্যানারি দ্বীপপুঞ্জে যাত্রা করতে গিয়ে প্রাণ হারানো অভিবাসীরাও অন্তর্ভুক্ত।

এই বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের প্রাণহানির ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।