ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মহাকাশচারী জিশান আলীর সঙ্গে শেহবাজ শরিফের ফোনালাপ

প্রকাশিত: 29 November 2026, 2:08 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত পাকিস্তানের প্রথম মহাকাশচারী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলীর সঙ্গে সরাসরি কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৮ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’-এর সদর দপ্তর থেকে এই যোগাযোগ স্থাপন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা বাহিনী ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার এবং পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং উপস্থিত ছিলেন।

গত ২৫ নভেম্বর জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটে উৎক্ষেপিত চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে মহাকাশে যান উইং কমান্ডার জিশান আলী। এর মধ্য দিয়ে তিনি পৃথিবীর কক্ষপথে প্রবেশকারী প্রথম পাকিস্তানি এবং চীনের তিয়েনগং মহাকাশ স্টেশনে যোগদানকারী প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়েন। এই অভিযানে তিনি পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর তত্ত্বাবধানে উন্নত উপকরণ, কৃষি ও জীববিজ্ঞান-সংক্রান্ত ৪টি বৈজ্ঞানিক পরীক্ষাসহ বিভিন্ন গবেষণায় অংশ নিচ্ছেন।

কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, এই অভিযান থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় পাকিস্তানের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। পাশাপাশি এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অভিযানে সহযোগিতার জন্য চীনের প্রশংসা করে শেহবাজ শরিফ বলেন, কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে পাকিস্তান ও চীনের বন্ধুত্ব এখন আকাশকেও ছাড়িয়ে গেছে। এ ছাড়া সুপারকো, পাকিস্তানি বিজ্ঞানী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির নভোচারী জিশান আলীকে অভিনন্দন জানান এবং চীনা মহাকাশ স্টেশনে তার উপস্থিতিকে দুই দেশের কৌশলগত অংশীদারির প্রমাণ হিসেবে উল্লেখ করেন। এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে মানব মহাকাশযাত্রা, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নত প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা আরো বাড়াবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন