নিজস্ব প্রতিবেদক:
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে দেখতে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৯ মার্চ) সকালে তিনি হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এসময় সিএমএইচের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ঘটনার দিন (৬ মার্চ) উপদেষ্টা শিশুটির মাকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন। গতকাল শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং এজাহারভুক্ত চার আসামিকেই পুলিশ গ্রেফতার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নারীরা যেন নির্ভয়ে ঘরে-বাইরে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারেন, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে। যারা নারীদের ওপর সহিংসতা চালাবে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি সবাইকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান এবং পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করার গুরুত্ব উল্লেখ করেন।











