মাছরাঙা টিভিতে আসছে মন্দিরার কাজলরেখা

অনলাইন ডেস্ক :

প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’র আলোকে নির্মিত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘কাজলরেখা’ এবার আসছে টেলিভিশনের পর্দায়। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে এবং চলতি বছরের জানুয়ারিতে অংশ নেয় নেদারল্যান্ডসের রটারডাম চলচ্চিত্র উৎসবে।

সিনেমাটির টেলিভিশন স্বত্ব সম্প্রতি কিনে নিয়েছে মাছরাঙা টেলিভিশন। পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সামনে কোনো বিশেষ উৎসব উপলক্ষে সিনেমাটি প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

মন্দিরা চক্রবর্তী এতে অভিনয় করেছেন প্রধান চরিত্রে, অর্থাৎ কাজলরেখা রূপে। চরিত্রটি নিয়ে মন্দিরা বলেন, “যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তখন দর্শকের দারুণ সাড়া পেয়েছিলাম। এখন এটি টিভিতে প্রচারিত হবে জেনে ভালো লাগছে। আশা করি আরও অনেক দর্শক এবার দেখতে পাবেন।”

বাংলার লোকসংস্কৃতির অমূল্য সম্পদ ‘মৈমনসিংহ গীতিকা’, যা গারো পাহাড়ের পাদদেশ থেকে হাওরাঞ্চলের মানুষের জীবনভিত্তিক ১০টি পালা নিয়ে গঠিত। সেই গীতিকার অন্যতম কাহিনি ‘কাজলরেখা’ অবলম্বনেই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

মন্দিরার পাশাপাশি কিশোরী কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, সূচরাজা চরিত্রে আছেন শরিফুল রাজ। এছাড়া কঙ্কনদাসী চরিত্রে রাফিয়াত রশিদ মিথিলা, আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি ও ইরফান সেলিম সুজয়।

ঐতিহ্য ও সংগীতনির্ভর এই সিনেমাটি এখনও কোনো টেলিভিশনে প্রদর্শিত হয়নি। তাই টিভি দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ আয়োজন।