মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে ‘ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন তৌহিদ আফ্রিদি

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে ‘দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ পেতে চলেছেন, যা তাকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে তার অবদানের জন্য দেওয়া হয়েছে।

আফ্রিদি তার ফেসবুক পেজে এই পুরস্কারের খবর জানিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, “সকল প্রশংসা আল্লাহ তা’আলার। আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা সর্বদাই আমার সাথে আছেন এবং তিনিই সবচেয়ে বেশি আমার মঙ্গল চান। তার অশেষ মেহেরবানীতেই আমি আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলাম।”

তিনি আরও বলেন, “সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনাদের ভালোবাসা পেয়েই আমি কিছু কাজ করেছি এবং তার ফলস্বরূপ এই ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডটি পেলাম। এরকম একটি গোল্ড মেডেল হয়তো অনেকেরই স্বপ্ন। কিন্তু সত্যি বলতে, আমি এই অ্যাওয়ার্ডের লোভে কখনোই কাজ করে যাইনি। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই এগিয়ে গেছি এবং আজ দেখুন, আমি না চাইতেই এই অ্যাওয়ার্ডটি পেয়ে গেলাম।”

এছাড়াও, আফ্রিদি তার স্ট্যাটাসে আরও লেখেন, “যদিও আমার সবচেয়ে বড় চাওয়া ছিল আপনাদের সেই ভালোবাসা, যা হয়তো আমি অনেক সময় বঞ্চিত হয়েছি। তবে আমি এখনো বিশ্বাস করি, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনিই হয়তো আমাকে সামনে এগোনোর সঠিক পথ দেখাবেন।”

এই সম্মাননা তৌহিদ আফ্রিদির জন্য একটি বড় অর্জন, যা তার পরিশ্রম ও সমাজের জন্য তার অবদানের প্রশংসা হিসেবে দেখা হচ্ছে।