নিজস্ব প্রতিবেদক:
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। সোমবার (১৫ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। ‘চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা’ হিসেবে জুলাই ঐক্য এই কর্মসূচির আয়োজন করছে বলে জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) দুপুর ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরু হবে। এতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন। কর্মসূচির নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় প্রক্সিরা নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে গণহত্যায় জড়িতদের ভারত আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া জুলাইয়ের অস্তিত্ব শরিফ ওসমান হাদিকে গুলি করার পর ভারতের বিভিন্ন মহলে উল্লাস প্রকাশ করা হয়েছে বলেও দাবি করা হয়।
জুলাই ঐক্য জানায়, এ কর্মসূচি থেকে ভারত সরকার ও অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের ফেরত না দেওয়া হলে, পরবর্তী পরিস্থিতির দায় দিল্লি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংগঠনটির দাবি, ভারত ও তার প্রক্সিরা বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন চায় না, যার কারণে দেশে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এ পরিস্থিতিতে চব্বিশের ছাত্র-জনতাকে আবারও দেশ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। দলমত নির্বিশেষে সব পেশার ছাত্র-জনতাকে আগামী বুধবার দুপুর ৩টায় রামপুরা ব্রিজে উপস্থিত হয়ে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।











