মিস ইউনিভার্সে ইতিহাস গড়তে যাচ্ছেন প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি নাদিন আয়ুব

অনলাইন ডেস্ক:

ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন দুবাইপ্রবাসী নাদিন আয়ুব। চলতি বছরের ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর, থাইল্যান্ডের পাক ক্রে শহরে।

নাদিন মূলত ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লার বাসিন্দা। তিনি ২০২২ সালে মিস ফিলিস্তিন নির্বাচিত হন এবং ওই বছরই প্রথমবার ফিলিস্তিনি হিসেবে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন। তবে গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে আন্তর্জাতিক মঞ্চ থেকে সাময়িক বিরতি নেন তিনি।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল-এর বরাতে জানা যায়, নাদিন এবার মিস ইউনিভার্স মঞ্চকে ব্যবহার করবেন গাজার মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই অংশগ্রহণ একটি যুদ্ধ মিশনের মতো। বিশ্বকে দেখাতে চাই, ফিলিস্তিনি নারীরা কেবল দৃঢ় ও সুন্দরই নন, তারা নেতা, উদ্ভাবক এবং পরিবর্তনের প্রতীক।”

পোস্টে তিনি ফিলিস্তিনি ডিজাইনার হিবা আবদেলকরিমের তৈরি তাতরিজ সূচিকর্মযুক্ত ঐতিহ্যবাহী পোশাক পরা একটি ছবিও শেয়ার করেন।

নাদিন বলেন, “আমি সেই মানুষের কণ্ঠস্বর যারা নীরব থাকতে রাজি নয়। আমি প্রতিনিধিত্ব করছি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুকে, যাদের দৃঢ়তা বিশ্বকে দেখতে হবে।”

সাহিত্য ও মনোবিজ্ঞান বিষয়ে শিক্ষিত নাদিন ‘সাইদাত ফিলাস্তিন’ নামক একটি সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে নারী উন্নয়ন, পরিবেশ সচেতনতা ও ডিজিটাল মিডিয়ায় নারীদের প্রশিক্ষণ প্রদান করে থাকেন।