জেলা প্রতিনিধি :
বরিশালের মুলাদী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আপন দুই ভাই মিলে আরেক ভাইয়ের দুই চোখ তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ঘটনার নির্মমতা ধরা পড়েছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আহত ব্যক্তির নাম রিপন ব্যাপারী। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে ২২ আগস্ট (শুক্রবার) রাতে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, রিপনের দুই ভাই — রোকন ব্যাপারী ও স্বপন ব্যাপারী — কয়েকজন লোকজন নিয়ে পরিকল্পিতভাবে রিপনকে বাড়িতে ডেকে এনে তাঁর ওপর এই ভয়াবহ নির্যাতন চালায়। পারিবারিক সম্পত্তি ও গচ্ছিত স্বর্ণালংকার নিয়ে বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, রিপনের শরীর চেপে ধরে রাখা অবস্থায় একজন তাঁর বাম চোখ তুলে নিচ্ছে। এ সময় একজন নারীর হাতে একটি উৎপাটিত চোখ এবং অন্য নারীকে রিপনের মুখে আঘাত করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, রিপনের বাবা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার হাতে একটি উৎপাটিত চোখ তুলে দেওয়া হয়।
আহতের ছেলে শাহিন ব্যাপারী জানান, তার চাচারা (রোকন ও স্বপন) রিপনকে সালিশের কথা বলে বাড়িতে ডেকে আনে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে গুরুতরভাবে নির্যাতন করে এবং দুই চোখ তুলে নেয়।
রিপনের স্ত্রী নূরজাহান বেগম ২৫ আগস্ট বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোকন, স্বপন, আর্শেদ ব্যাপারীসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে মুলাদী থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দেয়।
মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ২৭ আগস্ট বিকেলে মামলাটি রুজু হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।
স্থানীয়দের মতে, এমন নৃশংসতা শুধু পারিবারিক কলহ নয়, আইনশৃঙ্খলার বড় ব্যর্থতা হিসেবেও বিবেচিত হওয়া উচিত।










