জেলা প্রতিনিধি :
যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় টেনিস বল ভেবে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে শাহাদাত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো—শাহাদাত হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), ছেলে সজিব হোসেন (৬) ও ছোট মেয়ে আয়েশা খাতুন (৩)। আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে খাদিজা বাড়ির পাশে ছোটনের মোড়ে খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা একটি ককটেলকে টেনিস বল মনে করে বাড়িতে নিয়ে আসে। এরপর তা নিয়ে ভাই-বোন মিলে খেলা শুরু করে। হঠাৎ বিস্ফোরণ ঘটলে তিনজনই গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।











