যশোর জেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি :

যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাত এবং অন্তরঙ্গ ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ উঠেছে। কুমিল্লার আমতলী এলাকার বাসিন্দা মাহিনুর আক্তার মাহি নামে এক তরুণী এ অভিযোগে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

মাহি অভিযোগে উল্লেখ করেন, ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রাফা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলে প্রেমের সম্পর্ক গাঢ় হয়। ২০২৩ সালের ৫ অক্টোবর রাফার ডাকে মাহি যশোরে যান। সেদিন বিকালে রাফা তাকে যশোর আইটি পার্কের একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে বিয়ের আশ্বাসে জোরপূর্বক ধর্ষণ করেন। একইসঙ্গে, গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি।

এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাফা মাহির কাছ থেকে প্রথমে দুই লাখ টাকা এবং পরে বিভিন্ন সময় মোট ৮ লাখ ১০ হাজার টাকা আদায় করেন। মাহি জানান, তিনি যশোর ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে ওই টাকা পাঠান।

২৩ মে সন্ধ্যায় মাহি তার বান্ধবী স্বর্ণা খাতুনকে সঙ্গে নিয়ে রাফার শংকরপুরের বাসায় গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানান। তারা সম্পর্ক মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও পরে রাফা বন্ধুদের মাধ্যমে মোবাইলে হুমকি দেন এবং মাহিকে বাড়ি থেকে বের করে দেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।