যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক বললেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার সফল পরিণতি এবং বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হার কমে আসায় একে “ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য” হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ (১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “২০ শতাংশ শুল্ক হার পূর্বের ৩৭ শতাংশ থেকে ১৭ শতাংশ হ্রাস পাওয়ার ইঙ্গিত দেয়, যা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অসাধারণ কৌশলগত অর্জন।”

তিনি আরও বলেন, “আমাদের আলোচকরা ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে একটি জটিল ও বহুস্তর বিশিষ্ট আলোচনা সফলভাবে সম্পন্ন করেছেন। আলোচনায় শুল্ক, অ-শুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।”

অধ্যাপক ইউনূসের মতে, এই অর্জন বাংলাদেশের তুলনামূলক সুবিধা সংরক্ষণে সহায়ক হবে এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা মার্কিন বাজারে প্রবেশাধিকার আরও সম্প্রসারিত করবে। “এই চুক্তি শুধু কূটনৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও প্রবৃদ্ধির পথ সুগম করেছে।”

তিনি আরও বলেন, “আজকের সাফল্য আমাদের জাতিগত দৃঢ়তা এবং ভবিষ্যতের সাহসী অর্থনৈতিক ভিশনের প্রমাণ। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল।”