যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা : ১ আগস্টের আগেই হতে পারে ইতিবাচক সমাধান

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনদিনব্যাপী দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শেষে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি হওয়ায় বাংলাদেশ আশাবাদী যে, ১ আগস্টের নির্ধারিত সময়ের আগেই একটি ইতিবাচক ফলাফল অর্জন সম্ভব হবে।

শনিবার (১২ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “কিছু বিষয় এখনও অমীমাংসিত থাকলেও আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে।”

উল্লেখ্য, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাত হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবুল কালাম আজাদ জানান, উভয় পক্ষ সম্মত হয়েছে যে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী প্রতিনিধি দল পুনরায় যুক্তরাষ্ট্র সফর করতে পারে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আলোচনার ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

এই আলোচনা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমাদ তায়েব।

৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাকে চিঠি পাঠান, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। চিঠিতে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বলেন, “আপনার দেশ যদি আমাদের জন্য বাজার উন্মুক্ত করে ও শুল্ক বাধা তুলে নেয়, তবে ৩৫% শুল্ক হার পুনর্বিবেচনা করা হতে পারে।”

ট্রাম্পের বক্তব্যে উঠে আসে, মার্কিন মাটিতে বাংলাদেশি কারখানা স্থাপন করা হলে শুল্ক একেবারেই থাকবে না, বরং অনুমোদন প্রক্রিয়ায় দ্রুততা ও সহায়তা পাওয়া যাবে।