যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক:

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় এ সম্পর্কিত একটি নির্বাহী আদেশে সই করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা-পর্যটনসহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে যে কেউ সন্তান জন্ম দিলে, সে শিশুর নাগরিকত্ব স্বীকৃতি পাবে না। তবে, যদি বাবা-মায়ের কেউ আমেরিকান নাগরিক হন, তবে শিশুটি জন্মের পরই মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃত হবে।

ট্রাম্প নির্বাহী আদেশে সই করার সময় স্বীকার করেছেন যে, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানে নিশ্চিত করা আছে এবং তার এই সিদ্ধান্ত আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে তিনি জানান, জন্মসূত্রে নাগরিকত্বের বিধানটি হাস্যকর এবং তার বিশ্বাস, এটি পরিবর্তনের জন্য শক্তিশালী আইনগত যুক্তি রয়েছে।

এদিন, ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। এছাড়া, ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা, পশ্চিম সীমান্তে জরুরি অবস্থা জারি করার মতো একাধিক নির্বাহী আদেশে সই করেছেন তিনি।