অনলাইন ডেস্ক:
ব্রিসবেন টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিন অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন। আচমকা এই সিদ্ধান্তে অবাক ক্রিকেট বিশ্ব। টেস্ট শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি অবসরের ঘোষণা দেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও, ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এই তারকা।
অশ্বিনের বাবা রবিচন্দন তার ছেলের অবসরের সিদ্ধান্তে হতবাক হলেও তার দাবি, বিদেশি মাঠে নিয়মিত সুযোগ না পেয়ে অপমানিত বোধ করেছিলেন অশ্বিন, যার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমরা একেবারে শেষ মুহূর্তে জানতে পারি যে ও অবসর নিতে চলেছে। ১৪-১৫ বছর ধরে ভারতের জার্সি পরেছে, হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক তো লাগবেই। তবে এমন কিছু ঘটতে পারে বলে আমরা আন্দাজ করেছিলাম। দিনে দিনে অপমানিত হতে হতে আর কতদিন সহ্য করবে? তাই নিজেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
অশ্বিনের অবসরের পর ভারতের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, যেমন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বোলার ছিলেন। অবসরের আগে পর্যন্ত তিনি ছিলেন আইসিসি টেস্ট র্যাংকিংয়ে তৃতীয় শীর্ষ অলরাউন্ডার।
৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ৪৩৯৪ রান করেছেন, যার মধ্যে ৬টি সেঞ্চুরি রয়েছে।











