নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলের ফলে সড়কে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিভিন্ন সূত্র জানায়, বর্তমানে ঢাকায় প্রায় ১২ লাখ এবং ঢাকার বাইরে আরও প্রায় ৬০ লাখ অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলছে, যার বেশিরভাগই অনুমোদনহীন এবং নিরাপত্তাহীনভাবে তৈরি।
এক সমীক্ষায় দেখা গেছে, সড়ক দুর্ঘটনার অন্তত ২০ শতাংশের জন্য এই রিকশাগুলো দায়ী। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, গত মার্চ মাসেই রিকশা ও ইজি বাইকের কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৩.৯৫ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, ট্রাফিক পুলিশ সদস্যদের সীমিত উপস্থিতি, যাত্রীদের চাপ, এবং প্রভাবশালী মালিকদের প্ররোচনায় রিকশা নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এমনকি নিষেধাজ্ঞা ও পুলিশের অভিযান সত্ত্বেও রাজধানীর পুরান ঢাকা, কামরাঙ্গীর চর, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ীসহ নানা এলাকায় তৈরি হচ্ছে নতুন নতুন ব্যাটারিচালিত রিকশা।
ওয়ার্কশপগুলোতে স্থানীয়ভাবে সাইকেলের ফ্রেমে ব্যাটারি ও মোটর সংযুক্ত করে ৭০ থেকে ৮০ হাজার টাকায় রিকশা তৈরি করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে সেগুলো নিরাপত্তা মানদণ্ড মেনে তৈরি হয় না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপি একাধিকবার অভিযানে নামলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি। গত নভেম্বরে উচ্চ আদালতের নির্দেশে তিন দিনের মধ্যে এসব রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে চালকরা বিক্ষোভে নামে। গুলশান-বনানীর মতো এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
তবে সরকার এবার বুয়েটের সহায়তায় একটি নিরাপদ ব্যাটারিচালিত রিকশার মডেল অনুমোদন দিয়েছে। নতুন রিকশায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, নিরাপদ যাত্রী ধারণক্ষমতা এবং কাঠামোগত নিরাপত্তা থাকবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি হয়তো অবৈধ রিকশার বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।











