নিজস্ব প্রতিবেদক:
গত কয়েকদিনের ভ্যাপসা গরম আর অস্বস্তির পর অবশেষে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় কোথাও মুষলধারে, আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নগরজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই ধারাবাহিকতা আজ দুপুর পর্যন্ত বজায় থাকতে পারে এবং এ সময়ে গুঁড়ি গুঁড়ি বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে হালকা কমতে পারে দিনের তাপমাত্রা। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে গত সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।











