নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা টাউন হল মাঠে রোববার (২৩ নভেম্বর) ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মীয় নৈতিকতা এবং মূল্যবোধ যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা রাজনৈতিক সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, সমাজ, কূটনীতি, বিশ্লেষণ—সব জায়গায় আমরা ধর্মীয় আবেগ জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমরা যে কোন সময় বিপদে পড়তে পারি।”
ড. খালিদ হোসেন আরও বলেন, গণতন্ত্র হোক বা রাজতন্ত্র—ধর্ম থেকে রাজনীতি, সমাজ ব্যবস্থা এবং বিশ্লেষণ আলাদা হলে চেঙ্গিস খানের বর্বরতার মতো অমানবিকতা বিরাজ করতে পারে। তিনি দায়িত্বশীলদেরও অনুরোধ করেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন এবং উৎসব ভাতা প্রদান করতে।
রোববারের সম্মেলন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এছাড়া জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণও উপস্থিত ছিলেন।
ড. খালিদ হোসেনের ভাষণে উঠে আসে, ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র ও সমাজ টিকে থাকতে পারে না। তিনি মনে করান, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ধর্মের গুরুত্ব সকলের মনে রাখতে হবে।











