জেলা প্রতিনিধি :
রাজশাহী শহরের উপকণ্ঠের খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাকের সঙ্গে জামায়াতের দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি বাস খাদে পড়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
নিহতরা হলেন— জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) এবং মিজানুর রহমান (৩২)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়া পাখিয়া গ্রামে। আহতদের মধ্যে ১৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় পড়া দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন, যারা সবাই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখার জামায়াতের নেতাকর্মী ও সমর্থক। তারা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং জামায়াত নেতাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। মধ্যরাতে তারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বাসের সংঘর্ষ হয়। এতে একটি বাস খাদে পড়ে যায় এবং অন্যটি রাস্তার পাশে দোকানে ঢুকে যায়।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় জনগণ এবং জামায়াত শিবিরের সদস্যরা তাদের সহায়তা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে নাসিম ও জুয়েল মারা যান, এবং সোমবার সকালে মারা যান মিজানুর রহমান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম জানান, ট্রাক ও বাসের মধ্যে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।










