অনলাইন ডেস্ক:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক-সংক্রান্ত মামলায় ২০২০ সালে ২৮ দিন জেলে কাটাতে হয়েছিল বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। সেই অভিজ্ঞতা আজও তার জীবনের অন্যতম বড় শিক্ষা বলে মনে করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রিয়া বলেন, তার কাছে জেলের ভেতরের মানুষ অনেক ক্ষেত্রেই বাইরের মানুষের চেয়ে ভালো মনে হয়েছে।
সম্প্রতি কৌতুকশিল্পী তন্ময় ভাটের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন রিয়া। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিনেত্রীর ভাষায়, “আমার মনে হয় জেলের ভেতরের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো।
অন্তত নারী বিচারাধীন বন্দিদের মধ্যে যাদের দেখেছি, তাদের অনেকেই নির্দোষ। সেখানে কোনো সামাজিক অবস্থান বা পরিচয়ের পার্থক্য নেই। সবাই সমান, সবার পরিচয় শুধু একটি নম্বর।”২০২০ সালের ৮ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক-সংক্রান্ত তদন্তে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়াকে গ্রেপ্তার করে।











