নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ এখন জাতীয় গ্রিডে সরাসরি সরবরাহ সম্ভব হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানায়, সোমবার (২ জুন) দুপুর ৩টা ৩২ মিনিটে ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালু হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি এই সক্ষমতা অর্জন করে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফলতার মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হলো।
১৫৮ কিলোমিটার দীর্ঘ এই সঞ্চালন লাইনে রয়েছে ৪১৪টি টাওয়ার, যা রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ নিরাপদে জাতীয় গ্রিডে পৌঁছে দেবে।
উল্লেখ্য, এর আগে রূপপুর প্রকল্পের ‘ফিজিক্যাল স্টার্টআপ’ নিশ্চিত করতে আরও দুটি সঞ্চালন লাইন চালু করা হয়েছিল—‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি’ (৩০ জুন, ২০২২) এবং ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি’ (৩০ এপ্রিল, ২০২৪)।
এখন পর্যন্ত চালু হওয়া তিনটি সঞ্চালন লাইনের প্রতিটির বিদ্যুৎ পরিবহনের সক্ষমতা ২ হাজার মেগাওয়াট। এই লাইনগুলোর মাধ্যমে রূপপুর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে সঞ্চালনের পূর্ণ অবকাঠামো গড়ে উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে এক যুগান্তকারী অগ্রগতি।











