নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) সকালে তিনি সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এই তিনদিনব্যাপী সংলাপ শুরু হয়েছে গতকাল, কক্সবাজারের হোটেল বে ওয়াচে। এতে অংশ নিয়েছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা প্রতিনিধিরা।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এই সংলাপ মূলত আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে বিবেচিত। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে সরাসরি অংশ নিচ্ছেন, তাদের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরছেন। এই মতামত ও অভিজ্ঞতাই হবে নিউইয়র্ক সম্মেলনের অন্যতম ভিত্তি।
সংলাপে আলোচনা হচ্ছে—মানবিক সহায়তা অব্যাহত রাখা, রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক দৃশ্যমানতা নিশ্চিত করা, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়ার রূপরেখা নির্ধারণ।
আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সংলাপের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।











