লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:

বিডিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ট্রোকের পর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিডিনিউজ২৪ ডটকমের একাধিক সাংবাদিক। মৃত্যুর সময় তিনি লন্ডনে অবস্থান করছিলেন।

 

জানা গেছে, ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে অবস্থানকালে স্ট্রোকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৪ থেকে ৫ দিনের মধ্যে তার দেশে ফেরার কথা ছিল।

 

বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০০৬ সাল থেকে তিনি নিজের প্রতিষ্ঠান বিডিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

বিডিনিউজ২৪ ডটকমে যোগ দেওয়ার আগে তিনি দেশের একটি ইংরেজি দৈনিকে কাজ করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতায় প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।

 

প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল, তিন ধরনের গণমাধ্যমেই তার দীর্ঘ অভিজ্ঞতা ছিল। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তিনি।

 

২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজের ব্যবস্থাপনায় পরিবর্তন আসে এবং নতুনভাবে যাত্রা শুরু করে বিডিনিউজ২৪ ডটকম। অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এই যাত্রা বাংলাদেশের সংবাদমাধ্যমের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

 

২০১৭ সালে ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পুরস্কারে বিশেষ স্বীকৃতি পান। ওই বছরের ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে এই স্বীকৃতি তুলে দেন।

 

তৌফিক ইমরোজ খালিদীর বয়স ও মৃত্যুর পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।