অনলাইন ডেস্ক:
লালমনিরহাটের ব্যস্ত শহর মিশন মোড় এলাকায় সোমবার রাতে শিয়ালের কামড়ে ৯ জন আহত হয়েছেন। সেনামৈত্রি মার্কেটের কাছে রাত ৮টার দিকে ঘটে এই ঘটনা। আহতদের মধ্যে কিছুজনের অ-কোষ এবং কান কামড়ে ছিঁড়ে নিয়েছে বন্য শেয়ালটি। স্থানীয় হাসপাতালসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম জানান, একে একে ৯ জনকে কামড়িয়েছে শেয়ালটি। শচীন নামক একজন শ্রমিক নেতা ও মোখলেস নামে এক মধ্যবয়সী ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ কামড়ে গুরুতর আঘাত করে। শচীন তার অ-কোষের কিছু অংশ এবং মোখলেস তার কান হারান। আহতদের মধ্যে শচীন ও মোখলেসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শচীন পিটার জানান, তিনি পুলিশের লাইন্স এবং সার্কিট হাউজের সামনে দিয়ে মিশন মোড় যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে শেয়ালটি তার ওপর আক্রমণ করে এবং তার অ-কোষ কামড়ে ছিঁড়ে নেয়। নিজেকে রক্ষা করতে অনেক সময় শেয়ালের সঙ্গে যুদ্ধ করেন তিনি। এক পথচারী লাঠি নিয়ে আসলে শেয়ালটি পালিয়ে যায়। তবে শেয়ালটি তার শরীরের অন্যান্য জায়গাতেও কামড় বসিয়ে চলে যায়।
সেনামৈত্রি বাজারের মোবাইল ব্যবসায়ী সাব্বির আহমেদ বলেন, তারা যখন শেয়ালটিকে আক্রমণ করতে গেলে, শেয়ালটি তাদের দিকে আসতে শুরু করে। আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। শেয়ালটি একে একে অনেক লোককে কামড়ায়, এর মধ্যে একটি শিশু সহ কয়েকজন আহত হন।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সামিরা হোসেন চৌধুরী জানিয়েছেন, শিয়ালের কামড়ে আহত চারজনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একটি শিশু আলিফও রয়েছে। তাদের চিকিৎসা শেষে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শচীন এবং মোখলেসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বন বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক বলেছেন, শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে, যা খাবারের সঙ্কট ও বাসস্থানের অভাবের কারণে ঘটছে। তিনি জানান, পুলিশকে জানানো হয়েছে এবং শিয়ালগুলোকে ধরার চেষ্টা চলছে।











