অনলাইন ডেস্ক:
২৭টি চেক প্রতারণার মামলায় বিএনপি নেতা ও হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সরকারি কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের সওকত হোসেনের ছেলে। তিনি বড়খাতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ জানিয়েছে, টাকা লেনদেনের পর আদায় না করার কারণে ২৭ জন ব্যক্তি তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এসব মামলায় ১২টি সাধারণ ওয়ারেন্ট এবং তিনটি সাজা ওয়ারেন্টসহ ১৪টি ওয়ারেন্ট জারি হয়। আদালতের তথ্য অনুযায়ী, সেলিমের বিরুদ্ধে প্রায় এক কোটি ৭২ লাখ ৮৭ হাজার টাকা পাওনা রয়েছে।
গ্রেপ্তার হওয়ার পর লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ জানিয়েছেন, সেলিমের বিরুদ্ধে ২৭টি অর্থ কেলেঙ্কারি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।











