অনলাইন ডেস্ক:
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা, গত বছরের ২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন তার প্রেমিক ও বন্ধু ড. হাসান আজাদের সঙ্গে। হাসান আজাদ, একজন লন্ডন প্রবাসী, যিনি গান লেখেন, সুর করেন ও মিউজিক কম্পোজ করেন। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন এবং বর্তমানে একজন ব্যবসায়ী।
স্বাগতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের আগে তারা প্রায় এক বছর একসাথে লিভ টুগেদার ছিলেন। এরপর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ের। স্বাগতা জানান, তাদের পরিবারের পক্ষ থেকে কোনোরকম আপত্তি ছিল না। তিনি বলেন, “আমরা যখন লিভ টুগেদার করেছি, আমাদের দুজনের বাবা-মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই-বোনও বলেছে, তোমরা বিয়ে না করে একসাথে থেকো, তারপর সিদ্ধান্ত নাও।”
স্বাগতা আরও বলেন, “সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে।”
জিনাত সানু স্বাগতার সাথে হাসান আজাদের পরিচয় ঘটে ২০২২ সালের আগস্ট-সেপ্টেম্বরে, যখন স্বাগতা তার বান্ধবীর সঙ্গে ঢাকার একটি ক্লাবে যান। সেখানে হাসান আজাদের সাথে তার প্রথম দেখা হয়। এর কিছুদিন পর নভেম্বরে আবারও দেখা হলে হাসান স্বাগতাকে জানান যে, তিনি তাকে পছন্দ করেন। এরপর তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেন।
স্বাগতা জানান, হাসান তার সকল কাজকে সাপোর্ট করেন, যা তাকে গভীরভাবে স্পর্শ করে। তিনি বলেন, “আমার কাজকে হাসান সবসময় সাপোর্ট করে, এই বিষয়টি আমার মন ছুঁয়ে যায়। সব মিলিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি এক হওয়ার। ভেবেছি আমাদের বোঝাপড়া ঠিকঠাক।”
স্বাগতার এর আগের বিয়ে ছিল চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে। সাত বছরের সম্পর্কের পর, তারা ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
শৈশব থেকেই গান করেন স্বাগতা। নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়ে পরিচিতি পান। পরবর্তীতে তিনি মহাকাল নামে একটি ব্যান্ড গঠন করেন এবং ভালোবাসি তোমাকে, মহাকাল, স্বপ্নচূড়াসহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া, ওয়েব সিরিজ কাইজার-এ অভিনয় করে তিনি আলোচনায় আসেন।
স্বাগতা এবং হাসান আজাদ এখন একসাথে নতুন জীবন শুরু করেছেন এবং তাদের ভালোবাসার জন্য সবাই শুভকামনা জানিয়েছেন।











