অনলাইন ডেস্ক:
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ওপেনার দিমুথ করুনারত্নে ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট খেলবেন, এবং এটি হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
করুনারত্নের মতে, তাঁর অবসরের সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ হল শ্রীলঙ্কার টেস্ট সূচি। ২০২৬ সালের মে পর্যন্ত শ্রীলঙ্কা মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলবে, যা একজন ওপেনারের জন্য যথেষ্ট নয়। দীর্ঘ বিরতিতে ম্যাচ না খেললে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে, আর তাই তিনি তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
করুনারত্নে বলেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শেষেই আমি শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছি, এটি আমার শেষ টেস্ট হতে যাচ্ছে। গলেই আমার অভিষেক হয়েছিল, তাই এখানেই শেষ করতে পারা আমার জন্য দারুণ কিছু হবে।”
১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে, দিমুথ করুনারত্নে ওপেনার হিসেবে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ৯৯ টেস্টে তার সংগ্রহ ৭,১৭২ রান, গড় ৩৯.৪০। টেস্ট ক্যারিয়ারে ১৬টি সেঞ্চুরি এবং ৩৯টি অর্ধশতক রয়েছে। তার সর্বোচ্চ ইনিংস ছিল ২৪৪ রান, যা তিনি বাংলাদেশ বিপক্ষে করেছিলেন।
২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক ছিলেন তিনি এবং ৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় শ্রীলঙ্কা প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় লাভ করে। এ ছাড়া, তিনি ৫০টি ওয়ানডেও খেলেছেন।
করুনারতেœ ১০০ বা তার বেশি টেস্ট খেলা সাতজন শ্রীলঙ্কান ক্রিকেটারের মধ্যে একজন। এর আগে সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ এই মাইলফলক ছুঁয়েছিলেন।
তিনি অবসরের আগে আরও বলেন, “১০০ টেস্ট খেলা কঠিন ব্যাপার, বিশেষ করে যখন আপনি একজন ওপেনার এবং দলের জন্য কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমার একমাত্র আক্ষেপ, ১০ হাজার রান করতে না পারা। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে যেভাবে খেলেছি, তাতে আমার সেই সুযোগ ছিল, কিন্তু কোভিড-১৯ এবং কম টেস্ট ম্যাচের কারণে তা সম্ভব হয়নি।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন অপূর্ণ থাকলেও, তিনি বিশ্বাস করেন শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটাররা একদিন এই লক্ষ্য পূরণ করবে। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ার্ন-মুরালিধরন সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে করুনারত্নের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা তাকে বিদায় জানাতে প্রস্তুত, এবং ক্রিকেটবিশ্ব এক অভিজ্ঞ ওপেনারকে বিদায় জানাচ্ছে, যিনি ১২ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে নেতৃত্ব দিয়েছেন।











