শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে লেনদেন শুরু হওয়ার আগেই দেশের দুই স্টক এক্সচেঞ্জে এ সিদ্ধান্তের বিষয়ে বিনিয়োগকারীদের অবহিত করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।

ডিএসই জানায়, ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ১৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে জানায়, সংশ্লিষ্ট ব্যাংকগুলো এখন থেকে ওই অধ্যাদেশের বিধান অনুযায়ী পরিচালিত হবে।

এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক ওই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে জানান, এসব ব্যাংকের আর্থিক অবস্থা এতটাই নাজুক যে তাদের শেয়ার এখন শূন্যমূল্যের সমান। ফলে বর্তমান শেয়ারধারীরা কোনো অর্থ পাবেন না বলেও তিনি উল্লেখ করেন।

গভর্নরের এই ঘোষণার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। আজ লেনদেন স্থগিতের ঘোষণায় সেই উদ্বেগ আরও বেড়েছে।